আশরাফ খান কিরণ রংপুর।। আগামী ২থেকে ৩মাসের মধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট আধুনিক শিশু হাসপাতাল। এমনটি জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট শাখার অতিরিক্ত সচিব আরিফ আহমদ। ১ আগস্ট শনিবার সকালে হাসপাতালের আউটডোর, ইনডোর ভবন, হাসপাতালের প্রবেশ দ্বার ও অক্সিজেন প্লান্ট পরিদর্শন শেষে তিনি এ কথা জানান ।
অতিরিক্ত সচিব বলেনযন্ত্রপাতি কেনার জন্য ২০৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেটির টেন্ডার প্রক্রিয়াধীনএবং এ মাসের মধ্যে সকল হাসপাতালে যন্ত্রপাতি চলে আসবে। হাসপাতালে আসবাবপত্রের জন্য এরই মধ্যে টেন্ডার হয়েছে। এখন স্যাম্পল যাচাই বাছাই চলছে। পদ সৃজনের বিষয়টি অর্থ বিভাগে পাঠানো হয়েছে। এটির কাজও প্রায় শেষ হয়েছে।
রংপুরের সদর হাসপাতালের ১ একর ৭৮ শতক জমির মধ্যে নির্মাণ করা হয় ১ কোটি ৪৮ লাখ ৯২ হাজার ৮০৯ টাকা ব্যয়ে ১০০ শয্যার আধুনিক এই শিশু হাসপাতাল। তিন তলার এই হাসপাতাল ভবনের প্রতি তলার আয়তন ২০ হাজার ৮৮২ দশমিক ৯৭ বর্গফুট। শিশু হাসপাতালের মূল ভবনের প্রথম তলায় ইমার্জেন্সি, আউটডোর, চিকিৎসকদের চেম্বার এবং ল্যাব। দ্বিতীয় তলায় অপারেশন থিয়েটার, ব্রোন ইউনিট এবং তৃতীয় তলায় ওয়ার্ড এবং কেবিন।বিদ্যুৎ সাবস্টেশন স্থাপনের জন্যও নির্মাণ করা হয়েছে একটি ভবন।
এ ছাড়া নির্মাণ করা হয়েছে চারতলা ভিত্তির তিনতলা সুপারিনটেনডেন্ট কোয়ার্টার। ছয়তলা ডক্টরস কোয়ার্টারের নিচতলায় গাড়ি পার্কিং, দ্বিতীয় তলা থেকে ডাবল ইউনিট। আছে ছয়তলা বিশিষ্ট স্টাফ অ্যান্ড নার্স কোয়ার্টার। দুইতলা বিশিষ্ট গ্যারেজ কাম ড্রাইভার কোয়ার্টার। নিচে দুটি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে সেখানে। হাসপাতালটি চালু হলে শিশুরা স্বল্পমূল্যে পাবে জটিল সার্জারিসহ চিকিৎসাসেবা। এতে সুরক্ষিত হবে শিশুর স্বাস্থ্যসেবা, এমনটি মনে করছে নগরবাসী।
Reporter Name 









