আশরাফ খান কিরণ রংপুর।। রংপুরের মানুষ রাজনৈতিক বাস্তবতা না বুঝে বারবার জাতীয় পার্টি ও জামায়াতকে সমর্থন করায় পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৯ আগস্ট রোববার দুপুরে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডি আয়োজিত সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় রংপুর অঞ্চলের ২৫টি দুস্থ পরিবারের চা-ঘর (চায়ের দোকান) হস্তান্তর উপলক্ষ্যে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু,জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে চান। এর ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বেকারত্ব কমবে। মধ্যপাড়া ও বড়পুকুরিয়ায় কয়লা ও পাথরের খনি রয়েছে। এগুলো একসময় বন্ধ হয়ে গিয়েছিল। এখন সেগুলো আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সেখানে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে। রংপুরসহ উত্তরাঞ্চলের মানুষ যেন কৃষিতে আরও ভালোভাবে কাজ করতে পারেন, সেজন্য কৃষির বিভিন্ন খাতে কাজ শুরু হয়েছে। এ সময় রংপুর মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Reporter Name 
















