ঢাকা অফিস।। রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানকে আগুনের ধোঁয়ার প্রভাবে শ্বাসকষ্টজনিত কারণে গুলশানের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
৬ আগস্ট বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ৫৬ মিনিটে বারিধারার ইউএন রোডের ২২ নম্বর বাড়িতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৬ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সকাল ৯টার দিকে ধোঁয়ার প্রভাবে শ্বাসকষ্টজনিত কারণে হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা ইমরানকে রাজধানীর গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
Reporter Name 






















