মো: আব্দুর রহমান রংপুর ।। নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরেই ৪টি ট্রফি অর্জন সহ সাত ইভেন্টে পুরস্কার ছিনিয়ে এনেছে রংপুর। টুর্নামেন্টে কৃতিত্বের স্বাক্ষর রাখায় খেলোয়াড়দের সংবর্ধিতও করেছে রংপুর বিভাগীয় প্রশাসন।
২৮ জুলাই মঙ্গলবার সকালে ঢাকা থেকে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে আসেন নতুন কুঁড়িতে অংশ নেয়া রংপুর অঞ্চলের খেলোয়াড়রা। তারা ট্রফি হাতে স্টেডিয়ামে আনন্দ উল্লাসে মেতে উঠেন। দুপুরে বিভিন্ন ইভেন্টে সাফল্য অর্জনকারী খেলোয়াড়রা ট্রফি হাতে ট্রাকে করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর রংপুর বিভাগীয় সদর দপ্তর মিলনায়তনে খেলোয়াড়দের সংবর্ধনা দেয় বিভাগীয় প্রশাসন। এ সময় প্রতিটি খেলোয়াড়কে ফুলের মালা ও উপহার তুলে দেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, স্থানীয় সরকার পরিচালক আবু জাফর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মোতালেব সরকার, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। রংপুর জেলা ক্রীড়া কর্মকর্তার কার্যালয় জানায়, নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবল ও কাবাডিতে বালিকা দল চ্যাম্পিয়ন, ক্রিকেট ও কাবাডিতে বালক দল রানার্সআপ, ১০০ মিটার দৌড়ে সিলভার পদক, ব্যাডমিন্টনে তৃতীয় হয়েছে বালিকা দলের আদনিন, জুডো-৪৫ কেজি ওজনে স্বর্ণপদক পেয়েছে তাবাসসুম, লংজাম্প বালকে স্বর্ণপদক পেয়েছে আহতাব নুর ও লং জাম্প বালিকাতে ব্রোঞ্জ পদক পেয়েছে তুবা। এ বছর ফুটবলে বালিকা দল চ্যাম্পিয়ন হয়েছে। এতে প্রথম একাদশে রংপুর সদর উপজেলার ফুটবলারদের গ্রাম পালিচড়ার ৮ ফুটবল কন্যা খেলেছে।
Reporter Name 






















