মাহাজাবীন তুবা ।। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনের সামনে আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীরা তাদের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছে। পাশাপাশি উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে তারা।
তবে ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ অবরুদ্ধ থাকা অবস্থায় তার ফেসবুক প্রোফাইলে জানিয়েছেন ” ৯ ঘন্টা ধরে ঘেরাও করে রেখেছেন, ৯০ ঘন্টা ঘেরাও করলেও কোন লাভ হবে না। স্বার্থের বাহিরে গিয়ে আমার প্রশাসন কিছুই করবে না। রায়ের আলোকে যা করার করেছি, বাকিটা সরকার বলুক, করে দিবো। কোন চাপের কাছে অতীতেও মাথা নত করি নাই, এখনও করবো না। বিশ্ববিদ্যালয়টির সংস্কার দরকার, বিভিন্ন উদ্যোগ নিয়েছি। করতে দিলে করবো, না দিলে করবো না কিন্তু উল্টাপাল্টা কথা বলে বা স্টোরি মেইক করে বা অবরুদ্ধ করে রেখে কোন লাভ হবে না।”
অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক নাজিম উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মিয়া হোসেন রানা। মো. আকরাম হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার হেলাল উদ্দিন, তৌফিক আজিজ চৌধুরী জিয়া, মো. খুরশিদ আলম, মো. আমির হোসেন ও সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন।
আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন খাতে অপ্রয়োজনীয়ভাবে কোটি কোটি টাকা ব্যয়ের অভিযোগ করেন। তাঁরা বলেন, সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো পরিবর্তন করে ঐতিহ্য নষ্ট করা হচ্ছে। বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা পরিশোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেই।
১৬ নভেম্বর সকাল থেকে চাকরি ফিরে পাওয়া কর্মকর্তা কর্মচারীরা উপাচার্যের দপ্তরের সামনে জড়ো হতে থাকে। এক পর্যায়ে এটি বিক্ষোভ ও সমাবেশে পরিণত হয়। উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ জনের চাকরিগত জ্যেষ্ঠতা ফিরিয়ে দেওয়া, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে।
এতে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা পাল্টা কর্মসূচি দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা তিনটার দিকে চাকরি ফিরে পাওয়া কর্মকর্তা কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাসে ‘লকডাউন’ ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের ভিসি ।
Reporter Name 




















