রংপুর প্রতিনিধিঃ
রংপুরে দক্ষ জনশক্তি গড়ে তোলা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পাঁচ দিনব্যাপী ‘ওয়েল্ডিং পদ্ধতি’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে ৩০ জন অংশ নিচ্ছেন।
রোববার (১১ অক্টোবর) সকালে রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সম্মেলনকক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষিত ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ বেশি। শিল্পকারখানায় ওয়েল্ডিং একটি অপরিহার্য কাজ। এ কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে যথাযথ প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।
ইসরাত জাহান বলেন, বর্তমান সরকার বেকারত্ব দূর করে দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করছে। কারিগরি শিক্ষার প্রসার ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা সম্ভব।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণের পেছনে সরকারের ব্যয় করা অর্থ যেন বিফলে না যায়, সে জন্য অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। প্রশিক্ষণ শেষে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে।
একই সঙ্গে কর্মক্ষম ও দক্ষ জনশক্তি তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ আরও বেশি আয়োজনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।
রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিক সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিক রংপুর জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. এহেছানুল হক।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিক দিনাজপুর জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক চারু চন্দ্র বর্মণ এবং রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চিফ ইনস্ট্রাক্টর মো. সফিউল আলম।
আয়োজকেরা জানান, পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ওয়েল্ডিংয়ের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে কারিগরি জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
Reporter Name 

















