’
নিজস্ব প্রতিবেদকঃ
আগামী অমর একুশে বইমেলায় উদীয়মান ও প্রতিশ্রুতিশীল সাহিত্যিক মাহাবুব রহমান বিপ্লবের নতুন বই ‘কাগজের চিরকুট’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ব্যতিক্রমী মেজাজের এই গ্রন্থটিতে পাঠক একই সাথে পাবেন কবিতা ও গল্পের অনন্য স্বাদ। জীবনবোধ, সাহিত্যভাবনা এবং সমাজবাস্তবতার নানা চিত্র একই মলাটে তুলে ধরেছেন লেখক।
এর আগে যৌথ সম্পাদনায় কবি মাহাবুব রহমান বিপ্লবের দুই সমাদৃত কবিতার বই ‘পদচিহ্ন’ ও ‘উত্তরণ’ প্রকাশিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারই প্রথম পাঠক পেতে যাচ্ছেন তাঁর একক গ্রন্থ ‘কাগজের চিরকুট’।
লেখক পরিচিতি থেকে জানা যায়, কবি মাহাবুব রহমান বিপ্লব পেশায় একজন সাংবাদিক ও কলামিস্ট। রংপুরের বদরগঞ্জ উপজেলার ওসমানপুর (বড়বাড়ী) গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম। শিক্ষাজীবনে বদরগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে পর পর দুইবার বিপুল ভোটে ছাত্র প্রতিনিধি হিসেবে বিজয়ী হওয়ার মাধ্যমে ছাত্ররাজনীতিতেও তাঁর বিশেষ ভূমিকা ছিল। একজন আপসহীন ও সাহসী সাংবাদিক হিসেবে পরিচিতির পাশাপাশি বহু বছর ধরে তিনি জাতীয় ও স্থানীয় দৈনিকে লেখালেখি এবং কলাম চর্চা করে আসছেন।
নতুন এই বইটি প্রসঙ্গে কবি ও লেখক মাহাবুব রহমান বিপ্লব বলেন, কাব্যচর্চা ও সাহিত্যভাবনা আমার সত্তার সাথে মিশে আছে। আগে যৌথ সম্পাদনায় বই এলেও পাঠকের ভালোবাসা ও প্রেরণা আমাকে এই একক বইটি প্রকাশ করতে উৎসাহিত করেছে। ‘কাগজের চিরকুট’ গ্রন্থে কবিতা ও গল্পের মধ্য দিয়ে সাধারণ মানুষের কথা, অনুভূতি ও জীবনবোধের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি বইটি পাঠকপ্রিয়তা লাভ করবে।
উল্লেখ্য, আগামী বইমেলায় বইটি একটি স্বনামধন্য প্রকাশনী থেকে মেলায় স্টলে ও অনলাইনে একযোগে পাওয়া যাবে। সাহিত্যপ্রেমী ও পাঠকদের কাছ থেকে বইটি ইতিবাচক সাড়া পাবে বলে আশা করছেন সুধীমহল।
Reporter Name 


















